সংসার করতে স্ত্রীর ৯টি শর্ত; মানতে না পেরে স্বামীর আত্মহত্যা

সংসার করতে স্ত্রীর ৯টি শর্ত; মানতে না পেরে স্বামীর আত্মহত্যা
ছবির ক্যাপশান, সংসার করতে স্ত্রীর ৯টি শর্ত; মানতে না পেরে স্বামীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আনোয়ার হোসেন নামে ২৩ বছর বয়সী এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, সংসার করতে স্ত্রী ইয়াসমিন আক্তারের দেওয়া ৯টি লিখিত শর্ত মানতে না পারা এবং শ্বশুরবাড়িতে অপমানিত হওয়ার মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করেন।

বুধবার, ৬ মে ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আনোয়ার হোসেন একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে স্ত্রী ইয়াসমিন সংসার করার জন্য আনোয়ারের কাছে লিখিতভাবে ৯টি শর্ত দেন বলে পরিবারের দাবি।

 

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শর্তগুলোর মধ্যে ছিল, স্বামী-স্ত্রীর সংসারে আনোয়ারের মা-বোনের কোনো কথা শোনা বা বলা যাবে না। স্ত্রী কোনো অপরাধ করলেও তার গায়ে আঘাত করা যাবে না। স্ত্রীর স্বর্ণালংকার তাকে বুঝিয়ে দিতে হবে। দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি স্ত্রীর নামে লিখে দিতে হবে। এছাড়া সংসারের বিষয়ে স্ত্রীর কোনো দোষ খোঁজা যাবে না এবং বিনা কারণে ঝগড়া করা যাবে না।

 

শর্তগুলোর মধ্যে আরও ছিল, বাবার বাড়ি থেকে কোনো কিছু আনতে স্ত্রীকে জোর করা যাবে না। ননদ ও ননদের স্বামীরা তাদের সংসারের বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। স্ত্রীর বাবার বাড়িতে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না। পাশাপাশি সব ধরনের স্বাধীনতা স্ত্রীকে দিতে হবে।

 

পরিবার ও স্থানীয়দের দাবি, এসব শর্ত আনোয়ারের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি আরও বাড়ে। পরিবারের অভিযোগ, সোমবার, ৪ মে আনোয়ার তার শ্বশুর আব্দুল মান্নানের কাছে বিষয়টি নিয়ে বিচার চাইতে যান। কিন্তু সেখানে তাকে উল্টো অপমান করা হয়। এই অপমান ও মানসিক চাপের পর তিনি ভেঙে পড়েন বলে স্বজনদের দাবি।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর থেকে নিহতের পরিবার শোকাহত। তারা দাবি করছেন, আনোয়ারের মৃত্যুর পেছনে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং স্ত্রীর পক্ষ থেকে দেওয়া শর্ত বড় ভূমিকা রেখেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্ত্রী ইয়াসমিন আক্তারের পরিবার বা শ্বশুরবাড়ির কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত নিউজ