ফারাক্কা ইস্যুতে জাতীয় ঐক্যের আহ্বান, চবিতে চাকসুর আলোচনা সভা

ফারাক্কা ইস্যুতে জাতীয় ঐক্যের আহ্বান, চবিতে চাকসুর আলোচনা সভা
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে “ফারাক্কা বাঁধ: আধিপত্যবাদের নির্মম গ্রাসে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ) দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

 

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ফারাক্কা বাঁধ ইস্যু দীর্ঘমেয়াদী ও অমীমাংসিত একটি বিষয়। এটি শুধু পানির সমস্যা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ইস্যু। তিনি বলেন, ভারত এই বাঁধকে আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রয়োজনের সময় বাংলাদেশ পানি পায় না, আবার প্রয়োজন না থাকলে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো অসম অবস্থায় রয়েছে। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের পরিবর্তে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক গড়ে ওঠায় ভারসাম্য তৈরি হয়নি। তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষায় কার্যকর পররাষ্ট্রনীতি নির্ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, ফারাক্কা ইস্যু বাংলাদেশের ইতিহাস ও অধিকার সচেতনতার সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি বলেন, ভারতের আগ্রাসী মনোভাব দীর্ঘদিনের এবং ফারাক্কা বাঁধ তার অন্যতম উদাহরণ। তিনি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর ভূমিকার কথা স্মরণ করে বলেন, আজকের সময়েও ভাসানীর মতো নেতৃত্ব প্রয়োজন।

 

আলোচনায় বক্তারা বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায় এবং আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা শিক্ষার্থীদের সচেতন ভূমিকা, গবেষণাভিত্তিক আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ, জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরেন।

 

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি-র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ।

 

অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া চাকসু আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতা এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সম্পর্কিত নিউজ