{{ news.section.title }}
নবনিযুক্ত উপাচার্যের সাথে ইবির তিন সাংবাদিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল তিন সাংবাদিক সংগঠন।
শনিবার (১৬ মে) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার বিষয়টিও তুলে ধরেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তারা।
সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা। এছাড়াও তিন সাংবাদিক সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকগণ নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে প্রশাসনিক বিভিন্ন জটিলতা, হলগুলোর দূরবস্থা, বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ড ও জুলাই অভ্যুত্থানবিরোধী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ উপস্থাপন করেন।
এ সময় সাংবাদিক নেতারা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। সভায় পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক যোগাযোগ বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি ইতিবাচক ও অংশগ্রহণমূলক প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয় সভায়। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে উপাচার্য নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।