{{ news.section.title }}
প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে চবির আলাওল হল অফিসে তালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আলাওল হলের প্রভোস্টের বিরুদ্ধে প্রশাসনিক অসহযোগিতা ও শিক্ষার্থীবান্ধব আচরণের অভাবের অভিযোগ তুলে হল অফিসে তালা ঝুলিয়েছেন হল ছাত্রসংসদের নেতৃবৃন্দ। বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে হলের নিচতলার অফিসকক্ষে এ তালা লাগানো হয়। ঘটনার পর পুরো হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলাওল হল ছাত্রসংসদের সাধারণ সম্পাদক নুরুন্নবী। তিনি বলেন, নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরি দায়িত্ব নেওয়ার পর থেকে হল সংসদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করছেন না। এমনকি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেও অনাগ্রহ দেখাচ্ছেন। এতে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।
নুরুন্নবীর অভিযোগ, “দায়িত্ব নেওয়ার ১৫ দিন পার হলেও প্রভোস্ট এখনো হল সংসদের সঙ্গে কোনো বৈঠকে বসেননি। তিনি সরাসরি বলেছেন, হল সংসদের বৈঠকে চা-নাস্তার খরচ হয়, অথচ এ খাতে কোনো বরাদ্দ নেই। তাই তিনি বৈঠক করতে চান না।” এ মন্তব্যে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে বলেও জানান তিনি।
হল সংসদের অন্যান্য সম্পাদকদের অভিযোগ, প্রভোস্টের অনুমতি ছাড়া কোনো সাংস্কৃতিক বা সামাজিক কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। ডাইনিংসহ বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার যোগাযোগ করলেও তিনি গুরুত্ব দিচ্ছেন না। এমনকি কয়েকদিন পরপর দেখা করতে গেলে সম্পাদকদের চিনতেও পারেন না বলে অভিযোগ তাদের। দীর্ঘদিন ধরে ছোট ছোট সমস্যাগুলো জমে বড় সংকটে পরিণত হচ্ছে বলেও তারা দাবি করেন।
তারা আরও বলেন, “প্রভোস্ট সারা রাত হলে অবস্থান করলেও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় দেন না। সকালে হল ত্যাগ করে চলে যান। ছোটখাটো সমস্যাগুলোরও সমাধান হচ্ছে না।”
শিক্ষার্থীদের অভিযোগ, প্রভোস্টের বিরুদ্ধে কর্মচারী ও ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। হলের কর্মচারীরাও প্রভোস্টের নির্দেশ ছাড়া কোনো কাজ করতে চান না বলেও দাবি করেন তারা। এসব অভিযোগের প্রতিবাদে এবং প্রশাসনিক সংকট নিরসনের দাবিতে হল অফিসে তালা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরি বলেন, “আমি এখন বৈঠকে আছি, পরে কথা বলব।” এরপর তিনি ফোন কেটে দেন।