চবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত

চবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত
ছবির ক্যাপশান, চবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও গবেষণার সুযোগ তুলে ধরতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহায়তায় আয়োজিত দিনব্যাপী এ এক্সপোতে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা স্টলের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ ও গবেষণার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য প্রদান করেন। আয়োজকরা জানান, পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণ স্কলারশিপের ব্যবস্থা করবে, যার মাধ্যমে তারা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে উচ্চশিক্ষায় নতুন সেতুবন্ধন তৈরি করবে। ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে রয়েছে, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, “গত বছর একই ধরনের আয়োজনের পর চবির অনেক শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য দারুণ একটি সুযোগ। আশা করি, এবারও শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগাবে।”

 

এসময় আরও বক্তব্য রাখেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর জেহানজেব খান এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

 

চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ‘নলেজ করিডোর’ কেবল উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করবে না, বরং দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা ও ব্যবসায় শিক্ষায় এ সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে এডুকেশন এক্সপোর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী আয়োজিত এ এক্সপোতে চবির বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়।


সম্পর্কিত নিউজ