আজ থেকে মিলবে নতুন ৫ টাকার নোট

আজ থেকে মিলবে নতুন ৫ টাকার নোট
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ৫ টাকার নোট বাজারে ছাড়তে শুরু করেছে। মঙ্গলবার (১৯ মে) থেকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন এই নোট আনুষ্ঠানিকভাবে প্রচলনে এসেছে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নতুন নোট ইস্যু করা হচ্ছে। পরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা ও অফিস থেকেও এসব নোট সরবরাহ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

নতুন নোটটি ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে ডিজাইন করা হয়েছে। নোটের আয়তন রাখা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। এর সামনের অংশে বাম পাশে স্থান পেয়েছে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদের চিত্র। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলাকে পাতা ও কুঁড়িসহ ফুটন্ত অবস্থায় উপস্থাপন করা হয়েছে, যা নোটটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে।

 

নোটের পেছনের অংশে যুক্ত করা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’ শিরোনামের একটি নকশা। সাম্প্রতিক সময়ের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিফলন হিসেবেই এই গ্রাফিতি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

নতুন নোটে আধুনিক নিরাপত্তা ব্যবস্থাও সংযোজন করা হয়েছে। জলছাপ হিসেবে রাখা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখচ্ছবি। এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম সংযুক্ত রয়েছে। নোটটির মূল রঙ হালকা গোলাপি, যা সহজেই আগের সংস্করণ থেকে আলাদা করা যাবে।

 

এছাড়া নোটের বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে, যা নোটের ভেতরে সংযুক্ত এবং আলোয় ধরলে দুই পাশ থেকেই স্পষ্ট দেখা যায়। সামনের অংশের গ্লিউইশ নকশার ওপর মাইক্রোপ্রিন্ট আকারে একাধিকবার ‘BANGLADESH’ শব্দটিও ছাপানো হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে এবং বাজারে চলবে। অর্থাৎ পুরোনো ও নতুন-দুই ধরনের নোটই সমানভাবে ব্যবহার করা যাবে।

 

একই সঙ্গে সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোটও ছাপানো হয়েছে। তবে এসব নমুনা নোট বাজারে লেনদেনের জন্য ব্যবহার করা যাবে না। আগ্রহীরা নির্ধারিত মূল্যে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়াম থেকে এসব সংগ্রহ করতে পারবেন।

 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নতুন নোটে নান্দনিকতা ও নিরাপত্তা-দুই দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ঐতিহাসিক স্থাপনা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেও নতুন ডিজাইনের এই নোট বাজারে আনা হয়েছে।


সম্পর্কিত নিউজ