ইন্টার মায়ামিতে কত বেতন পান মেসি?

ইন্টার মায়ামিতে কত বেতন পান মেসি?
ছবির ক্যাপশান, ইন্টার মায়ামির জার্সিতে মেসি | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। নতুন চুক্তির মাধ্যমে ইন্টার মায়ামি-তে তার বেতন বেড়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমানে আর্জেন্টাইন এই মহাতারকা বছরে মূল বেতন হিসেবে পাচ্ছেন প্রায় ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩০০ কোটি টাকা)।

মঙ্গলবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ২০২৬ মৌসুমের খেলোয়াড়দের বেতনের তালিকা প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। তালিকা অনুযায়ী, মেসির মোট গ্যারান্টিড আয় দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার (প্রায় ৩৪০ কোটি টাকা), যা পুরো লিগে সর্বোচ্চ।

 

এই অঙ্ক এমএলএসের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার সন হিউং-মিন-এর আয়ের চেয়েও দ্বিগুণের বেশি। লস অ্যাঞ্জেলেস এফসি-র হয়ে খেলা সনের মোট আয় ১ কোটি ১১ লাখ ডলারের কিছু বেশি (প্রায় ১৩৩ কোটি টাকা) বলে জানানো হয়েছে।

 

মেসির পর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন রদ্রিগো দি পল, হিরভিং লোসানো এবং মিগেল আলমিরন।

 

২০২৩ সালে ইউরোপীয় ফুটবল ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তখন তার মূল বেতন ছিল প্রায় ১ কোটি ২০ লাখ ডলার (প্রায় ১৪৪ কোটি টাকা)। পরে গত বছরের অক্টোবরে ক্লাবটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন তিনি। নতুন এই চুক্তির পরই তার বেতন বড় অঙ্কে বৃদ্ধি পায়।

 

মাঠের পারফরম্যান্সেও এখনো দুর্দান্ত ছন্দে আছেন ৩৯ বছরে পা দিতে যাওয়া এই ফরোয়ার্ড। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে এখন পর্যন্ত ৬৪ ম্যাচে করেছেন ৫৯ গোল। চলতি মৌসুমে ১১ ম্যাচে তার গোলসংখ্যা ৯।

 

বিশ্লেষকদের মতে, মেসির আগমনের পর শুধু ইন্টার মায়ামিই নয়, পুরো এমএলএসের জনপ্রিয়তাই কয়েকগুণ বেড়েছে। টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লিগটির প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।শুধু ব্যক্তিগত আয়েই নয়, দলীয় ব্যয়ের দিক থেকেও সবার ওপরে রয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটির মোট বেতন কাঠামো প্রায় ৫ কোটি ৪৬ লাখ ডলার (প্রায় ৬৫৫ কোটি টাকা), যা মেজর লিগ সকারের প্রায় সব দলের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

 

ফুটবল বিশ্লেষকদের মতে, লিওনেল মেসি-র উপস্থিতি এমএলএসকে বৈশ্বিক ফুটবল বাজারে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার ম্যাচ দেখতে এখন নিয়মিতই স্টেডিয়ামগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। অনেকের মতে, ক্যারিয়ারের শেষ সময়ে এসেও মেসি প্রমাণ করে চলেছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়।


সম্পর্কিত নিউজ