{{ news.section.title }}
উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার মোশারফ আদনান
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় উল্লাপাড়া উপজেলা(উল্লাপাড়া–সলঙ্গা) পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তরুণ সংগঠক ও প্রযুক্তিনির্ভর নেতৃত্বের প্রতীক ইঞ্জিনিয়ার মোশারফ আদনান।
মোশারফ আদনান বর্তমানে জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দলের মিডিয়া সেল উপকমিটির কো-লীড হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তরুণ সমাজের মধ্যে নেতৃত্ব বিকাশ ও সামাজিক সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা এবং রাজনীতির বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে এই প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, তালিকায় এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা আগে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আবার অনেকে আগে কখনো সক্রিয় রাজনীতি করেননি। এমনকি ৫ থেকে ৭ বছর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু পরে দলটির আচরণের বিরোধিতা করে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন, এমন গ্রহণযোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হয়েছে।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানা থাকলে প্রার্থীরা মাঠপর্যায়ে আরও সুসংগঠিতভাবে প্রস্তুতি নিতে পারবেন।
ইঞ্জিনিয়ার মোশারফ আদনান শিক্ষাজীবনে একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিভিন্ন কেন্দ্রীয় ক্লাবের প্রেসিডেন্টসহ একাধিক নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই সংগঠন পরিচালনা, জনসম্পৃক্ততা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পেশাগত জীবনেও তিনি শিক্ষা ও জনসংযোগ খাতে কাজ করে যাচ্ছেন। বর্তমানে দেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক (এডমিশন ও পিআর) হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতিকে তিনি শুধুমাত্র পেশা নয়, বরং মানুষের সেবা ও সমাজ পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে দেখেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।
স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, যুব উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন মোশারফ আদনান। তরুণ সমাজকে মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রেখে নেতৃত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সামাজিক উদ্যোগও গ্রহণ করেছেন তিনি।
উল্লাপাড়া–সলঙ্গা অঞ্চলে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপির এই চেয়ারম্যান পদপ্রার্থী। তার লক্ষ্য, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার বিস্তার এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মানবিক জনপদ গড়ে তোলা।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রথম ধাপেই ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক সক্ষমতার বার্তা দিতে চাচ্ছে এনসিপি। দলটি জানিয়েছে, এটি কেবল প্রথম ধাপের তালিকা। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভার জন্য আরও প্রার্থীর নাম ঘোষণা করা হবে।