{{ news.section.title }}
ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, কাঁদতে কাঁদতে প্রেসিডেন্টকে বার্তা!
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সিনেট ভবনে হঠাৎ গুলির শব্দে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড দেলা রোসাকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করা হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় সিনেট ভবনের ভেতরে অন্তত ১৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ঠিক কয়েক মিনিট আগেই সশস্ত্র পুলিশ ও মেরিন সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করে উপরের তলার দিকে অগ্রসর হচ্ছিলেন। তখনই আকস্মিকভাবে গুলির শব্দ শুরু হয়।
ঘটনার সময় ভবনের ভেতরে থাকা সাংবাদিকরা আতঙ্কে আশ্রয় নিতে বাধ্য হন। পরে নিরাপত্তা বাহিনী পুরো ভবন খালি করার নির্দেশ দেয়। তবে এখন পর্যন্ত স্পষ্ট নয়, কে বা কারা গুলি চালিয়েছে।
এর আগে ফিলিপাইনের সাবেক জাতীয় পুলিশ প্রধান ও বর্তমান সিনেটর রোনাল্ড দেলা রোসা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজের সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কার কথা জানান। তিনি সমর্থকদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাকে যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো না হয়।
ভিডিও বার্তায় দেলা রোসা বলেন, “আমি আপনাদের কাছে আবেদন করছি, আমাকে সাহায্য করুন। আরেকজন ফিলিপিনোকে যেন দ্য হেগে নিয়ে যাওয়া না হয়।”
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ‘মাদকবিরোধী যুদ্ধ’-এর সময় পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দেলা রোসা। ওই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই সন্দেহভাজন মাদক ব্যবসায়ী বা ব্যবহারকারী বলে দাবি করা হয়েছিল।
আইসিসি গত সোমবার দেলা রোসার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করে। একই ধরনের অভিযোগে বর্তমানে দ্য হেগে বিচার প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন সাবেক প্রেসিডেন্ট দুতার্তেও।
দেলা রোসা মঙ্গলবার প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাকে যেন আইসিসির হাতে তুলে দেওয়া না হয়। তিনি দাবি করেন, দেশের জন্য তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং কোনো ব্যক্তিগত সম্পদ গড়ে তোলেননি।
সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আমি দেশের জন্য সব করেছি। আমি নিজেকে ধনী করিনি। আমি সততার সঙ্গে কাজ করেছি।”
তিনি আরও বলেন, “মি. প্রেসিডেন্ট, একদিন হয়তো আপনিও এমন পরিস্থিতিতে পড়তে পারেন। তখন আপনি বুঝবেন আমি এখন কী অনুভব করছি।”
বর্তমানে দেলা রোসা সিনেট ভবনের ভেতরে অবস্থান করছেন এবং সিনেট কর্তৃপক্ষের নিরাপত্তা হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের চারপাশে অবস্থান নিতে শুরু করে।
ফিলিপাইনে দুতার্তের ‘ওয়ার অন ড্রাগস’ ছিল অত্যন্ত বিতর্কিত একটি অভিযান। সরকারি হিসেবে, এ অভিযানে ৬ হাজারের বেশি সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি এবং বহু নিরীহ মানুষও এ সহিংসতার শিকার হয়েছে।
পুলিশ বরাবরই দাবি করে আসছে, অভিযানে নিহত ব্যক্তিরা গ্রেপ্তারের সময় প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে সমালোচকদের অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আড়াল করতেই এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদক জামেলা আলিনদোগান বলেন, দুতার্তের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতা স্বীকার করতে চান না। তাদের ধারণা, তারা আইনের ঊর্ধ্বে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, ম্যানিলায় সহিংস ঘটনা নতুন নয়, তবে বিচার ও আইন প্রণয়নের কেন্দ্র হিসেবে পরিচিত সিনেট ভবনের ভেতরে এমন সশস্ত্র উত্তেজনা অত্যন্ত অস্বাভাবিক এবং উদ্বেগজনক।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু ফিলিপাইনের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটই নয়, আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নও সামনে নিয়ে এসেছে। আগামী দিনগুলোতে দেলা রোসাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।