{{ news.section.title }}
চমক থাকছে ছাত্রদলের কমিটিতে, কারা পাচ্ছেন জায়গা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে আলোচনা জোরালো হচ্ছে। ২০২৪ সালের মার্চে ঘোষিত বর্তমান কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি এবং নাসির উদ্দীন নাসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। দুই বছর মেয়াদের এই কমিটির মেয়াদ গত মার্চের শুরুতেই শেষ হয়েছে। ফলে ছাত্রদলের নতুন নেতৃত্ব কারা পাচ্ছেন, তা নিয়ে পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতেও বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য, ত্যাগী, পরীক্ষিত এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন তার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করা কয়েকজন নেতা। তাদের ভাষ্য, আগামী দিনের রাজনীতি ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে সক্রিয়, কর্মীবান্ধব এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবনা চলছে।
এরই ধারাবাহিকতায় আগামী ৯ মে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের শীর্ষ নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। ওইদিন রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। এই মতবিনিময় সভাকে ঘিরে সংগঠনগুলোর ভেতরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অনেকের ধারণা, ওই বৈঠক থেকেই আগামী দিনের সাংগঠনিক রূপরেখা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে।
নেতারা বলছেন, বর্তমান কমিটির ‘সুপার ফাইভে’ থাকা নেতাদের নতুন কমিটিতে রাখা হবে কি না, তা নিয়েও নানা গুঞ্জন রয়েছে। যদি শীর্ষ পর্যায়ে বড় পরিবর্তন আসে, তাহলে বিগত দিনে পদবঞ্চিত, ত্যাগী ও মাঠের রাজনীতিতে সক্রিয় নেতাদের সামনে নতুন সুযোগ তৈরি হতে পারে। এতে ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে নতুন গতি আসবে বলেও মনে করছেন তারা।
এদিকে, জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ দুই পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন শ্যামল মালুম, আমান উল্লাহ আমান, মো. খোরশেদ আলম সোহেল, সালেহ মো. আদনান, এসএম আবু জাফর, শরীফ প্রধান শুভ, মনজুরুল আলম রিয়াদ, আবিদুল ইসলাম, ইজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, কাজী জিয়া উদ্দিন বাসিত, আজিজুল হক জিয়ন, ডা. আউয়ালসহ আরও কয়েকজন।
ছাত্রদলের পদপ্রত্যাশী নেতাদের দাবি, সংগঠনের অতীত আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন এবং তৃণমূলের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে, তাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। তারা মনে করেন, সামনে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ছাত্রদলকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও মাঠমুখী নেতৃত্বের হাতে তুলে দেওয়া প্রয়োজন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বই নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।